শনিবার টানা ছয়ঘন্ট বিদ্যুৎহীন থাকবে হবিগঞ্জ
আগামীকাল শনিবার শাহজিবাজার বিদ্যুৎ উৎপাদন ও বিতরণ কেন্দ্রে দুটি ট্রান্সফরমার ও গ্রীডের একটি ১৩২/৩৩ কেভি বাসবার মেরামতের কারণে জেলাজুড়ে টানা ছয় ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এই কাজের জন্য জেলার ৭৮ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এতে বিপিডিবি হবিগঞ্জের প্রায় ৪৫ হাজার এবং পল্লী বিদ্যুৎ সমিতির আরও প্রায় ছয় লাখ গ্রাহক বিদ্যুৎহীন অবস্থায় থাকবেন।
বিপিডিবি হবিগঞ্জের উপসহকারী প্রকৌশলী চয়ন কান্তি দেব খোয়াইকে বলেন, আগামীকাল শনিবার শাহজিবাজারে অবস্থিত পাওয়ার ট্রান্সফরমার টিআর–৪ ও টিআর–৬ এবং গ্রীডের ১৩২/৩৩ কেভি বাসবারের সংরক্ষণ ও মেরামত কাজের জন্য বিক্রয় ও বিতরণ বিভাগের আওতাধীন সব এলাকায় সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। তিনি আরও বলেন, ‘সাময়িক এই অসুবিধার জন্য আমরা দুঃখিত। কাজ সম্পন্ন করতে গ্রাহকদের সহযোগিতা কামনা করছি।’
প্রসঙ্গত, ইদানীং বিপিডিবি ও পল্লী বিদ্যুৎ সমিতি মিলে হবিগঞ্জ জেলার প্রায় সাড়ে ছয় লাখ গ্রাহকের জন্য দৈনিক কমবেশি ১৫৭ মেগাওয়াট বিদ্যুৎ প্রয়োজন হয়। কিন্তু জাতীয় গ্রিড থেকে পাওয়া যাচ্ছে ১৩৫ মেগাওয়াট। ফলে বাকি ২২ মেগাওয়াট ঘাটতি লোডশেডিং দিয়েই সামাল দিতে হচ্ছে। এতে জেলাজুড়ে মানুষ অসহনীয় গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে।
